প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৬:২৯ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সাংবাদিক সমিতি’। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (১ সেপ্টেম্বর) সমিতির অনুমোদন প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. বি.এম. ইকরামুল হক।
দীর্ঘদিন ধরে কুয়েটে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি শিক্ষার্থীরা সাংবাদিক সমিতির প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, অর্জন ও বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী প্রচারের লক্ষ্যেই এই সংগঠনের কার্যক্রম শুরু হলো।
সাংবাদিকতায় যুক্ত শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুমোদনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রকল্যাণ পরিচালক সমিতির গুরুত্ব বিবেচনা করে কার্যক্রম শুরু করার অনুমতি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী, সকল অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্য দেন উদযাপন কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডিন ড. মোঃ রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইইই ১৯ ব্যাচের মোঃ ওবায়দুল্লাহ এবং ইএসই ২৩ ব্যাচের ফাতিন ইসলাম।
এছাড়া কর্মচারী সমিতি, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, অ্যালামনাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
সাংবাদিক সমিতির অনুমোদন প্রসঙ্গে ছাত্রকল্যাণ পরিচালক ড. বি.এম. ইকরামুল হক বলেন, “কুয়েটে বিদ্যমান নানা সমস্যার জন্য ভুল সংবাদ অনেক সময় দায়ী থাকে। শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তাঁদের পাশে থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ