প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ AM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাজা উপত্যকায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে এবং এর ফলে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে।
তিনি সোমবার (২ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্লাস শীর্ষ সম্মেলন শেষে এ মন্তব্য করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন আনোয়ার।
তিনি শি জিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের কথা উল্লেখ করে বলেন, ‘এই ধারণাটি এমন এক সময় গভীরভাবে অনুরণিত হচ্ছে যখন বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে পড়ছে।’
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘জাতিসংঘ এখন আর নিজেকে সংস্কারের আকাঙ্ক্ষাও বহন করছে না। নৃশংসতা এখন বিনা বিচারে চালানো হচ্ছে।’
আনোয়ার আরো বলেন, ‘আজকের দিনে আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার ঘাটতি রয়েছে। বাণিজ্য, আর্থিক কাঠামো ও জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় ব্যর্থতা এটাই দেখিয়েছে যে উচ্চকণ্ঠ ঘোষণাগুলো বাস্তবে জনগণের ভোগান্তির সঙ্গে একেবারেই সংযুক্ত নয়।’
এদিকে, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলের হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন পর্যন্ত ৬৩ হাজার ৫০০-এর ও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা উপত্যকা বিধ্বস্ত হয়ে পড়েছে। সেখানে বর্তমানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম