প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৫:১৬ PM

জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনার আড়ালে পড়ে থাকলেও নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। কদিন আগেও যেখানে ‘অ্যাডহক কমিটি’ গঠনের গুঞ্জন ছিল, এখন সেই জায়গায় ফিরেছে পুরোদমে বোর্ড নির্বাচন আয়োজনের প্রস্তুতি।
বিশেষ করে সাবেক অধিনায়ক তামিম ইকবালের আচমকা নির্বাচনী মাঠে প্রবেশ- নির্বাচনকে ঘিরে সৃষ্টি করেছে নতুন উত্তাপ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা। সেখানে বোর্ড নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার কথা থাকলেও বিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে- ‘আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।’
সূত্রটি আরও জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তা হতে পারে ৩-৫ অক্টোবরের মধ্যে।
এর আগে গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ী রেখে নির্বাচনের পরিবর্তে ‘অ্যাডহক কমিটি’ গঠন করা হতে পারে।
এই সম্ভাবনার বিরুদ্ধে ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। ক্লাব প্রতিনিধিরা সরাসরি নির্বাচন আয়োজনের দাবি জানান এবং বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তোলেন।
সবকিছুর মধ্যেই হঠাৎ করেই বিসিবি নির্বাচনকে ঘিরে বড় চমক হিসেবে নাম উঠে আসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের। গুঞ্জন রয়েছে, তিনি এবার ঢাকা বিভাগীয় কোটায় পরিচালক পদে প্রার্থী হতে পারেন।
যদিও এ বিষয়ে তামিম এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ক্রিকেট প্রশাসনে সরাসরি যুক্ত হয়ে দেশের ক্রিকেটে অবদান রাখার আগ্রহ রয়েছে তামিমের।’
স্বদেশ প্রতিদিন/এমএম