প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৬:১১ PM

সংগৃহীত ছবি
পাবনার সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া গ্রামে পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শ্বশুর মোজাম হোসেনকে (৭০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ রুমি খাতুন। মোজামের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই হলেও অনেক বছর থেকে তিনি সাঁথিয়া কলেজপাড়াতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে মিঠুর সাথে গত পাঁচ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। সে ঢাকাস্থ মানসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রবিবার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক চাপটা বেড়ে যায়। শেষে হাতের কাছের বটি দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী হাসপাতালে নেয়া হলে রাত ৩ টার দিকে তিনি মারা যান।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বদেশ প্রতিদিনকে বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”