প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণ করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “সময়ের প্রয়োজনে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই নন, অস্ত্র হাতে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে।”
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর চরম অস্থিরতার সময় সাধারণ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় আসেন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। দেশের গ্রামীণ জীবনে বৃক্ষরোপণ ও বনায়নের যে সংস্কৃতি, তার সূচনা হয়েছিল শহীদ জিয়ার হাত ধরেই। যশোরের এ চারা বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিকতার অংশ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ