প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি সুসংহত কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা জরুরি।
অধ্যাপক ইউনূস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমি জাতির কাছে অঙ্গীকার করেছি যে এমন একটি নির্বাচন আয়োজন করব যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা এবং বিশ্বব্যাপী আস্থার দিক থেকে আলাদা হবে। এটি হবে গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসব।”
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “গুজবে কান দেবেন না। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ