প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মো. শাহাদাত হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিশকাটালি এলাকা থেকে শাহাদাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৯৪০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক দ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ