প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ পিএম

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয়; দেশটি কেবল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।
সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে নয়। আমরা শুধু চাই, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।”
তিনি আরও বলেন, “আমি আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছি শুনতে, জানতে এবং বুঝতে। বাইরে অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে, তাই আমি স্পষ্টভাবে বলতে চাই—যুক্তরাষ্ট্রের অবস্থান হলো: আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং কেন্দ্রীয় ইসিকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা বাস্তবায়ন করা যায়।”
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
এ সময় মার্কিন এই কূটনীতিক স্পষ্ট করে বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল, রাজনীতিবিদ বা নির্দিষ্ট নির্বাচনী ফলাফলের পক্ষে নই। সেটি একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।”
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে মার্কিন প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে ইসির প্রথম বৈঠক।
স্বদেশ প্রতিদিন/ আরএফ