প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
সালমান বলেন, “জাকসু নির্বাচনের আগে আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার করতে হবে এবং অছাত্রদের ক্যাম্পাস থেকে বের করতে হবে, অন্যথায় আগামী ১১ তারিখের নির্বাচন হতে দেব না।”
তার এই হুমকির পর সভায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, “কোনো অপশক্তি জাকসু নির্বাচন আটকাতে পারবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ