প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও কখনো বড় পর্দায় দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। যদিও এর আগে একাধিকবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি, এমনকি চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘মনপুরা’র মতো আলোচিত চলচ্চিত্রেও কাজের সুযোগ এসেছিল। তবে বরাবরই সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন প্রভা।
অবশেষে সেই নিয়মে ভাঙন। সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘দেনা পাওনা’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে প্রভার।
‘দেনা পাওনা’ সিনেমাটি নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে। ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এতে ‘নিরুপমা’ চরিত্রে অভিনয় করছেন প্রভা, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন মামনুন হাসান ইমন।
সিনেমাটি নিয়ে বেশ প্রত্যাশিত আলোচনা শুরু হলেও, শুরুতে নিরুপমা চরিত্রে প্রভার থাকার কথা ছিল না। এই চরিত্রে প্রথমে প্রার্থনা ফারদিন দীঘি চুক্তিবদ্ধ হয়েছিলেন।
এই বিষয়ে নির্মাতা সাদেক সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও দীঘি শুটিংয়ের জন্য সময় দিতে পারেননি। তাই চরিত্রটির জন্য প্রভাকে নেওয়ার সিদ্ধান্ত নিই।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দীঘি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, নায়িকা হিসেবে তেমনভাবে তা ধরে রাখতে পারেননি। সাম্প্রতিক সময়ে তার অভিনীত সিনেমাগুলোর সাফল্যও আশানুরূপ নয়, ফলে নির্মাতাদের আস্থার জায়গা থেকেও কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি।
অভিনয়ে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘অনেকবার সিনেমার অফার পেয়েছি, কখনো স্ক্রিপ্ট পড়েছি, কখনো রিহার্সেলও করেছি। কিন্তু শেষ পর্যন্ত সিনেমায় আর কাজ করা হয়নি। এবার একটু সময় নিয়ে শুটিং করলাম, এরপর সবাইকে জানালাম-হ্যাঁ, সিনেমায় কাজ করছি।’
দর্শকদের অনেকেই মনে করছেন, প্রভার মতো অভিজ্ঞ অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গেলে তা নতুন মাত্রা যোগ করবে দেশীয় চলচ্চিত্রে।
স্বদেশ প্রতিদিন/এমএম