প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৩ AM আপডেট: ০১.০৯.২০২৫ ১২:৪৭ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের উপস্থিতি দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জসিম মড়লের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকা থেকে তার লাশ ভেসে ওঠে।
জানা যায়, এর আগের দিন শনিবার (৩০ আগস্ট) দুপুরে পুলিশ মুখী ব্রিজঘাট এলাকার একটি হিন্দু ধর্মীয় মঠ সংলগ্ন সূত্রধর বাড়িতে তদন্তে গেলে পাশের মঠ থেকে, জসিম ফাহিম ও সোহেল সামনের সুতিয়া নদীতে ঝাঁপ দেন। তাদের ধারণা ছিল, পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালাতে এসেছে।
স্থানীয়দের মতে, ওই তিন যুবক মঠ এলাকায় মাদক সেবনের জন্য একত্রিত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এবং নদীতে ঝাঁপ দেয়। সেখানেই নিখোঁজ হন জসিম মড়ল, যিনি মুখী গ্রামের মৃত হাশেম মড়লের ছেলে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা নামায় অভিযান স্থগিত করা হয়।
রোববার সকাল থেকে উদ্ধার কার্যক্রম আবারও শুরু করে ডুবুরি দল। দুপুরে নদীতে জসিমের লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় তা উদ্ধার করা হয়।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আতিকুর রহমান বলেন, “সুতিয়া নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।”
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, “ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে