প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ AM আপডেট: ০১.০৯.২০২৫ ১:২০ এএম

নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোঁজা জাতির জন্য বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।”
রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে সময়সূচিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হবে।
এ সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বিষয়টি নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ ‘জুলাই সনদ’ বিষয়ে অগ্রগতি তুলে ধরেন বলেও জানান প্রেসসচিব।
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যেন কেউ কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না করে, সে জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা।
জাতীয় পার্টি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে