প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৫৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং তারা এখন আওয়ামী লীগের অংশ।
তিনি বলেন, “জাতীয় পার্টি এখন প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
রোববার (৩১ আগস্ট) যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চার সদস্যের এনসিপি প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আদীব জানান, বৈঠকে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সঙ্গে এসব বাহিনী জড়িত ছিল। এসব বন্ধ করতে হবে।”
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে সেনা ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আদীব বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন ঘোষণা এবং পরে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন যেন তাদের নিরপেক্ষতা ও সক্ষমতা প্রমাণ করতে পারে, সেটি আমরা আশা করি।”
তিনি আরও জানান, গুম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অতীতের নির্বাচনে সরকারি সংস্থার প্রভাব বিস্তার প্রতিরোধ করতেও পদক্ষেপ জরুরি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ