প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:১১ পিএম

নোয়াখালীর হাতিয়ায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতা সম্রাট আকবরকে গাছে বেঁধে বেদম মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনের বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্রাট আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাঠি ও বৈদ্যুতিক তার দিয়ে পেটানো হয়। খবর পেয়ে স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত সম্রাট আকবর (পূর্ব বিরবিরি গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে) জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতা। তিনি অভিযোগ করে বলেন, “রাজনৈতিক বিরোধের জেরে জসিম মেম্বার পরিকল্পিতভাবে আমাকে নির্যাতন করেছে। এতে আমার হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।”
তার মা মরিয়ম নেছা জানান, “আমার ছেলেকে গাছে বেঁধে মারধর করা হচ্ছিল। আমরা বাধা দিতে গেলে জসিমের লোকজন আমাদের ঘরে ঢুকতে দেয়নি।”
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জসিম উদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির জন্য কুখ্যাত ছিলেন। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।
জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—প্রভাবশালী সাবেক মেম্বারের দাপটে যদি আইনশৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়, তবে তাদের নিরাপত্তা কোথায়?
স্বদেশ প্রতিদিন/ আরএফ