প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৯:৩৩ PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।”
রবিবার (৩১ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় ভিডিও বার্তায় তিনি বলেন, “প্রায় এক বছর আগে আমি বলেছিলাম, নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয়। এখন সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।”
তিনি সতর্ক করে বলেন, “পরাজিত পলাতক অপশক্তি সুযোগের অপেক্ষায় আছে। নির্বাচন ঠেকানোর চিন্তাভাবনা বরং গণতন্ত্রবিরোধী শক্তিকে উত্থানের সুযোগ করে দিতে পারে।”
তারেক রহমান রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আমরা সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি।”
তিনি আরও জানান, বিএনপি শুধু প্রতিশ্রুতিই দিচ্ছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিতে এর রূপরেখা তুলে ধরা হয়েছে এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে সে বিষয়েও প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ