প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১৫ পিএম

যশোর জেনারেল হাসপাতালে রোগীর টাকা চুরির সময় হাতে-নাতে এক নারী পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার বেলা ১১টার পর হাসপাতালের আউটডোর বিভাগে এ ঘটনা ঘটে।
আটক নারীর নাম শিউলি। তিনি ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মীর মোশাররফ হোসেন নামের এক রোগী চিকিৎসা নিতে আউটডোরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় শিউলি কৌশলে তার পকেট থেকে টাকা তোলেন। পাশে থাকা আরেকজন বিষয়টি দেখে ফেলে শিউলিকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, অভিযুক্ত নারীকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি আইনানুগভাবে প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এনআর