প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১৮ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৮:২৩ PM

বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশ পরিচয়ে একটি বসতবাড়ীতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর মাধবদীর তারা মিয়ার ছেলে ডাকাত দলের প্রধান রিয়াজ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার সাইদুর রহমানের ছেলে আল আমীন (৪০)।
এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও গাড়িতে থাকা একটি শক্তিশালী মোবাইল জ্যামার, পুলিশের ৪ সেট পোশাক, ২টি ককটেল, ২ সেট গ্রীল ও গ্যাস কাটার যন্ত্র, ডাকাতি করা নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার, দেশীয় দা ও ছোরা, অক্সিজেন গ্যাস, গ্যাস সিলিন্ডার এবং মুখে মারার স্প্রেসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, শুক্রবার ভোরে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদ সেখের বাড়ীতে ডাকাতির খবর ৯৯৯-এ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। প্রযুক্তি ব্যবহার করে শনিবার বাগেরহাটের মোল্লাহাট এলাকায় মাইক্রোবাসসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ডাকাতরা পুলিশের পোশাক পরিহিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে মাইক্রোবাসে দ্রুত পালিয়ে যায়। অভিযানের পর বর্তমান খতিয়ে দেখা হচ্ছে, আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ