
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।”
রবিবার সকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলন–২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরি করছে, এটা ভালো উদ্যোগ। তবে নির্বাচনে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জনগণ আর যেনতেন নির্বাচন বা ফ্যাসিস্ট সরকার চায় না।”
মোবারক হোসাইন অভিযোগ করে বলেন, “২৪-এর গণআন্দোলনে ১৪ শতাধিক শহীদের রক্তের বিনিময়ে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছিল। কিন্তু নানা ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদী নীতি দেশের রাজনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করছে। পতিত আওয়ামী লীগ সরকার দেশকে এক কারাগারে পরিণত করেছিল। সাধারণ মানুষ, ছাত্র এবং জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করে দমন করার চেষ্টা হয়েছিল।”
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজীজুর রহমান, অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস। এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় বসাবে। জনগণের ভোটাধিকার হরণ করা দেশের জন্য কল্যাণকর নয়।”
সম্মেলনের সভাপতিত্ব করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ভোট দিতে না পারলে স্বাধীনতার চেতনা অসম্পূর্ণ থেকে যাবে।”
তিনি আরও যোগ করেন, “নারীরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মহিলা ওয়ার্ড সেক্রেটারিদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর