প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১:০৮ AM

যশোরের মনিরামপুর উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে রাজগঞ্জ বাজারে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত আশরাফুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হত্যার পেছনে কারা জড়িত ও কারণ- তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মনিরামপুর থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এমএম