প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের আপিল আদালত রায় দিয়েছেন, বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই আইনবিরুদ্ধ। আদালত ট্রাম্প প্রশাসনকে এই বর্ধিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৯ আগস্ট) রায়ে বলা হয়, ট্রাম্প ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (IEEPA) আইনের অপব্যবহার করেছেন। তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন। আপিল আদালত আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এই রায় কার্যকর হবে না।
শুনানিতে অংশ নিয়েছেন ১১ জন বিচারক, যাদের মধ্যে ৭ জন ট্রাম্পের শুল্কনীতিকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন। আদালত উল্লেখ করেছেন, প্রেসিডেন্টের একার শুল্কারোপ ক্ষমতা নেই; এটি কেবল কংগ্রেসের অধিকার।
এদিকে, ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, আপিল কোর্টের রায় সব বিচারকের সম্মতি হয়নি এবং শুল্ক প্রত্যাহার হলে তা দেশের অর্থনীতি ধ্বংস করবে। তিনি আরও জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ করা হবে এবং যুক্তরাষ্ট্র জিতবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ