প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:৩০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের নৌকা ও বাইচ নৌকার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ত্রীমোহনীর দহুকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনকান্দি গ্রামে যাচ্ছিল বড়পাঙ্গাশী ইউনিয়নের শুকলাই গ্রামের একটি বিয়ের নৌকা। একই সময় বড়পাঙ্গাশী ইউনিয়নের চাকসা দক্ষিণপাড়া গ্রামের "মায়ের আঁচল" নামের একটি বাইচ নৌকা মহড়া শেষে ফিরছিল। দহুকুলা ব্রিজের পাশে এসে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রইজ মণ্ডল ও নুর ইসলাম নামের দুইজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এনআর