প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:২৯ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার সঙ্গে থাকা প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। ফলে তারা আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে না। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আব্বাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে এবং একতরফাভাবে ‘কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র’ স্বীকৃতির চেষ্টা করছে। ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
তবে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তিতে স্পষ্ট বলা আছে, যে কোনো রাষ্ট্রের প্রতিনিধি সম্পর্ক যাই হোক না কেন, নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ায় বাধা দেওয়া যাবে না। আব্বাসের কার্যালয় এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান করেছে।
এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।