প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:৩৮ পিএম

সংগৃহীত ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে তৈরি করা ভুয়া অডিও কল তৈরি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ফেইক বা এআই জেনারেটেড অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি প্রকৃতপক্ষে উপদেষ্টার কণ্ঠ নয়, বরং এআই বা অন্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি বিকৃত কণ্ঠ।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ইসমাইল চৌধুরী সম্রাটসহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের অডিও রেকর্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নূর সংক্রান্ত নির্দেশনা দিচ্ছেন বলে দেখানো হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করেছে, এ ধরনের ভুয়া অডিও ছড়িয়ে দেওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এ বিষয়ে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।