প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:০৯ AM আপডেট: ৩০.০৮.২০২৫ ৯:১৭ এএম

সংগৃহীত ছবি
আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ২০১০ সালের ডিসেম্বরে গৃহীত আন্তর্জাতিক সনদের মাধ্যমে এ দিনটি ঘোষণা করা হয়। পরের বছর থেকেই বাংলাদেশে দিবসটি পালন শুরু হয়। তবে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের পর এ দিবস পালনে নতুন মাত্রা যোগ হয়েছে।
দিবসটি ঘিরে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মত দমনের নামে রাজনীতিক ও মানবাধিকারকর্মীসহ বহু মানুষ গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা তদন্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার। তদন্তে বেরিয়ে আসছে নানা রোমহর্ষক তথ্য। ভুক্তভোগীদের স্বজনেরা জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।
জুলাই অভ্যুত্থানের পর সরকার গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করেছে। ইতোমধ্যেই তদন্ত কমিশন দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে।
১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুমে জড়িতদের বড় একটি অংশ চিহ্নিত হয়েছে, উদঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে আর কেউ গুমে জড়িত হওয়ার সাহস পাবে না।