প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:০৯ পিএম

নীলফামারীর ডোমার পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, নিহতদের পরিবারে চলছে মাতম।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- কেতকীবাড়ি তেলিপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) এবং একই এলাকার তাহেরুল ইসলামের ছেলে তৌফিক হোসেন (৭)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিন শিশু ছেঁড়া মশারী নিয়ে পাঙ্গা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে হুমায়রা ও তৌফিক পানিতে নামলে হঠাৎ স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর শিশু সিয়াম বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে নেমে দুই শিশুকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিন শিশু বাড়ির লোকজনের অজান্তে নদীতে মাছ ধরতে গিয়েছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে।’
স্বদেশ প্রতিদিন/এমএম