প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
জাপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেছেন, মিছিলের সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার। তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি এবং বিস্তারিত পরে জানানো হবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমাদের বিক্ষোভ সমাবেশ শেষে পল্টন জিরো পয়েন্ট থেকে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সেখানে ৩-৪ শতাধিক লোক ছিল। ধারণা করা হচ্ছে, জাতীয় পার্টির সঙ্গে সঙ্গে সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যুক্ত ছিল।
তিনি আরও বলেন, এই ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সেনা ও পুলিশ মোতায়েন করা হলেও হতাহত বা গ্রেফতারের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
স্বদেশ প্রতিদিন/এনআর