প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম

অপহরণকারীরা
খাগড়াছড়িতে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা ছয় জন ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। মাটিরাঙা সেনা জোন অভিযান চালিয়ে চারজনকে আটক করে শুক্রবার বিকেলে মাটিরাঙা থানায় হস্তান্তর করেছে।
আটককৃতরা হলেন আতাউর রহমান সুজন, দ্বীন ইসলাম পারভেজ, দেলোয়ার হোসেন এবং নুনা প্রীয় চাকমা।
পুলিশ সূত্রে জানা যায়, তারা বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের মাউন্ট-ইন হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় তিনটি মোটরসাইকেল নিয়ে আসে অপহরণকারীরা এবং গাড়ি থেকে তিনজনকে মোটরসাইকেল ও দু’জনকে সিএনজি করে তুলে নেয়।
খোরশেদ রাঙ্গামাটি নিয়ে যাওয়ার পর ঢাকা থেকে আসা ট্যুরিস্টদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারেককে ছেড়ে দেয়। অপরদিকে সেলিমকে অপহরণকারীরা সঙ্গে নিয়ে যায়। পরে রাঙ্গামাটি থানা পুলিশ তাকে উদ্ধার করে। গাড়িতে থাকা বাকি তিনজনকে গাড়িসহ ছেড়ে দিলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু পরে দুইজনকে সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। মাটিরাঙা জোন চেকপোস্টে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করে।
অপহরণের শিকাররা হলেন মুকাদ্দেস, সেলিম আহমেদ, অনিক তালুকদার ও মমিন। তাদের মধ্যে অনিক ও মমিন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া ট্যুরিস্টরা হলেন নিজাম ও তারেক। প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণকারীরা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশের এবং সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর মাটিরাঙা জোন আটক করে ৪ ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর