প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৪৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশন কার্যালয়ে সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোটযুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, পরিবেশ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদকসহ মোট ২৫টি পদের জন্য ১৭৯ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং ৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণায় নেমেছেন। ক্যাম্পাসজুড়ে পোস্টার, ব্যানার ও লিফলেট টানানোয় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীদের ধারণা, ভিপি ও জিএস পদকে কেন্দ্র করে নির্বাচনের সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যাবে। প্যানেলভিত্তিক ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা কৌশল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর