প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:১৯ পিএম

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়াম সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ ক্রয় করেছে ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
এই ক্যাপটি পরেছিলেন ক্রিকেট কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১৯৪৬-৪৭ সালের অ্যাশেজ সিরিজে। সেই সিরিজ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজটি অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জিতেছিল এবং বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছিল। প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে অজিরা অপরাজিত রেকর্ড করেছিল।
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার ক্যাপটির অর্ধেক ক্রয়মূল্য বহন করেছে। ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন জানান, এই ব্যাগি গ্রিন ক্যাপ ব্র্যাডম্যানের জীবন এবং সেই সময়ের ক্রীড়া ইতিহাসের সঙ্গে জড়িত। ক্যাপটি এখন জাদুঘরের নবনির্মিত ল্যান্ডমার্কস গ্যালারিতে রাখা হয়েছে, যেখানে দর্শনার্থীরা জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখতে পারবেন।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, এই ক্যাপ ক্রয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে। তিনি আরও বলেন, ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন, এবং তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ধরনের ব্যাগি গ্রিন ক্যাপের মধ্যে মাত্র ১১টির অস্তিত্ব জানা যায়। এর মধ্যে একটি রাখা আছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, আর বাকি নয়টি ব্যক্তিগতভাবে সংরক্ষিত।