প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৪১ পিএম

পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল; ছবি সংগৃহীত
পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল দাবি করেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নয়াদিল্লি হঠাৎ ও অতিরিক্ত পানি ছেড়ে পাঞ্জাবে বিপর্যয় সৃষ্টি করেছে।
জিও টিভির এক অনুষ্ঠানে ইকবাল বলেন, ভারত পানি জমা করে এবং হঠাৎ তা ছেড়ে দেয়। ভারতের এই কার্যক্রম পানি আগ্রাসনের একটি স্পষ্ট উদাহরণ।
তিনি আরো বলেন, কিছু বিষয় জাতীয় বিরোধ এবং রাজনৈতিক মতপার্থক্যের বাইরে রাখা উচিত। সব দেশের উচিত সকল পার্থক্য দূরে রেখে পানি সম্পদের বিষয়ে সহযোগিতা নিশ্চিত করা।
ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার কারণে রাভি, সুতলেজ ও চেনাব নদীর পানি উপচে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদী তীরবর্তী নিচু এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে।
ভারী বর্ষণ এবং ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে পাঞ্জাবে বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লাহোর, কাসুর, শিয়ালকোট, ফয়সালাবাদ, নারোয়াল ও ওকারাসহ ছয়টি জেলায় বন্যায় জনজীবন বিপর্যস্ত। পাঞ্জাব সরকার বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে।
ভারত রাভি নদীতে দুই লাখ কিউসেক এবং চেনাব নদীতে এক লাখ কিউসেক পানি ছাড়ায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।