প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:১১ AM

সংগৃহীত ছবি
বয়স যে সত্যিই কেবল একটি সংখ্যা, তার প্রমাণ দিলেন জাপানের প্রবীণ অভিযাত্রী কোকিচি আকুজাওয়া। বয়স তার এখন ১০২ বছর, তবু দুর্বল হৃদযন্ত্রের সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির চূড়ায় পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন তিনি। তার এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
৩৭৭৬ মিটার উঁচু ফুজি জয় করলেও কোকিচি ছিলেন নির্লিপ্ত। হাসিমুখে তিনি বলেন, “এর আগেও তো কয়েকবার উঠেছি। শেষবার উঠেছিলাম ৯৬ বছর বয়সে।”
১৯২৩ সালে জন্ম নেওয়া কোকিচি পেশায় ছিলেন গবাদিপশুর খামারি। বর্তমানে তিনি বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ও ছবি আঁকা শেখান। দীর্ঘদিন ধরেই পাহাড়ে ওঠা তার নেশা।
তবে এবারের ফুজি জয় তার জন্য সহজ ছিল না। চলতি বছরের জানুয়ারিতে স্থানীয় এক পাহাড়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবার শঙ্কিত হলেও অদম্য ইচ্ছাশক্তির জোরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তার মেয়ে ইউকিকো (৭৫) জানান, ডাক্তাররাও তার এই দ্রুত আরোগ্য দেখে বিস্মিত হয়েছিলেন।
সুস্থ হওয়ার পর প্রতিদিন ভোরে হাঁটা এবং সাপ্তাহিক ছোট পাহাড়ে ওঠার অনুশীলনই তাকে ফুজি জয়ের পথে সাহস জুগিয়েছে। তিন দিনের অভিযানে পথে দু’ রাত কেটেছে কুঁড়েঘরে। উচ্চতার কারণে কিছু শারীরিক সমস্যায় পড়লেও নাতনি ও ব্যক্তিগত নার্সের সহায়তায় সফলভাবে চূড়ায় পৌঁছান তিনি।