প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:২২ AM

সংগৃহীত ছবি
অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষদের প্রতি সংহতি জানাতে বিশ্বের ৫০টি দেশের অন্তত ১৫০ জন আলেম আজ (২৮ আগস্ট) রোজা রাখছেন। একই সঙ্গে রোজার সুন্নতকে পুনরুজ্জীবিত করাও এই উদ্যোগের আরেকটি উদ্দেশ্য বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স।
তুরস্কের সংবাদমাধ্যম ইয়ানি সাফাক জানায়, গত শুক্রবার (২২ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এক সম্মেলনে জড়ো হয়ে আলেমরা এ সিদ্ধান্ত নেন। সম্মেলনটি আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে। এটির মূল্য উদ্দেশ্য গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং সেখানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা।
সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেন, ৫০ দেশের ১৫০ জন আলেম সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেন, “গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে অভুক্ত ও তৃষ্ণার্ত করে রেখেছে। আমরা রোজা রাখার মাধ্যমে তাদের প্রতি আমাদের সংহতি জানাচ্ছি।”
সম্মেলনে আলেমরা গাজায় অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। পাশাপাশি গাজায় মানবিক করিডোর খুলে দিয়ে পর্যাপ্ত খাদ্য, পানীয়, ওষুধ ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি করেন।
এ ছাড়া মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে গাজার পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করার জন্যও জোর দেওয়া হয়।