প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:৫৩ AM

হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। জেলা বিএনপির কাউন্সিল ও নির্বাচনে এই পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মোট ৫টি পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব পদ হলো সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এই পদগুলোর জন্য মোট ১৩১৩জন ভোটার গোপন ব্যালেটে ভোট দেবেন।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন: সভাপতি পদে জি কে গউছ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট হাজী নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও এডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক।
নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। তিনি আশা প্রকাশ করেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল অনুষ্ঠিত হবে।
দীর্ঘ ১৬ বছর পর শনিবার (৬ সেপ্টেম্বর) হবিগঞ্জ পৌরসভার মাঠে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ২৮ আগস্ট বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ