প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:৩৬ AM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ডিলাররা হলেন ছনুয়ার হেফাজ উদ্দিন ও পুঁইছড়ির মীর হামিদ সিকদার।
বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলম ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান ও পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এলাকায় চাল বিতরণের দোকান পরিদর্শন করেন।
নাপোড়া বাজারে চাল বিতরণের সময় চারজন উপকারভোগীর বস্তায় চাল কম থাকার প্রমাণ পাওয়া যায়। মীর হামিদ সিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকানে ডিলার হেফাজ উদ্দিনের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, চাল পরিমাপ না করে বালতি দিয়ে দেওয়ায় প্রতিটি বস্তার ওজন কম হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে হেফাজ উদ্দিন বলেন, আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলত, আর মীর হামিদও কিছু বস্তায় সামান্য কম হয়ে যাওয়াকে ‘ভুলক্রমে’ ঘটানো বলে দাবি করেছেন।
উপজেলা খাদ্য অফিসার সেলিম হেলালি বলেন, নতুন ডিলারদের কারণে কিছু এলোমেলো হচ্ছে, তাই জরিমানা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ