প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:২০ AM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রায় দেড়শ প্রান্তিক মৎস্যচাষীর মাঝে ১ লাখ ৫০ হাজার পিস তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রম সম্পন্ন হয়, যা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় পরিচালিত হয়।
পোনা মাছগুলো মৎস্যচাষীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, থানার ওসি (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম এবং পাঁচবিবি ব্র্যাক শাখার ব্যবস্থাপকগণ।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম বলেন, “প্রান্তিক মৎস্যচাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্র্যাক এই ধরনের সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ