প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পিএম

মানিকগঞ্জে “এসডিজি বাস্তবায়নের অগ্রগতি” শীর্ষক সেমিনারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর একত্রিত প্রচেষ্টা প্রয়োজন।
সেমিনারটি মঙ্গলবার (২৬ আগস্ট) সদর উপজেলা হলরুমে এডাব মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এ এস এম নুরুল আলম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্টেপের সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার, এডাবের পরিচালক একে এম জসীম উদ্দিন, এডাবের বিভাগীয় সমন্বয়কারী মো. নুরুল আমিন ও বিভিন্ন এনজিও কর্মকর্তারা।
বক্তারা উল্লেখ করেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত না করলে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন কঠিন হবে। তারা বলেন, সরকারের পাশাপাশি এনজিও, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজ একযোগে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব।
সেমিনারে বলা হয়, দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ উপকূলীয় অঞ্চল, হাওর এলাকা ও পার্বত্য চট্টগ্রামের জনগণ দারিদ্র্য ও বৈষম্যের শিকার।
বক্তারা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, ভূমিহীন কৃষক, ভাসমান জনগোষ্ঠী, প্রতিবন্ধী ও নারী প্রধান পরিবারগুলো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এসডিজি অর্জনের জন্য সকল স্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
স্বদেশ প্রতিদিন/ আরএফ