প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:০৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির ২ হাজার ৯১২ কেজি চাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামুর্কী বাজারের দুই দোকানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনতাও উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩২ জন ডিলার দুঃস্থদের স্বল্প মূল্যে চাল বিতরণের জন্য নিয়োগপ্রাপ্ত। ১৪,৫০৯ জন কার্ডধারী প্রতিজন ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজিতে কিনতে পারবেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে সপ্তাহে তিনদিন কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করা হয়।
জামুর্কী ইউনিয়নের দুই ডিলার খায়রুল ইসলাম পিন্টু ও মাজেদ আল মামুন অবৈধভাবে চাল মজুদ করেন। খায়রুল ৬৪৫ জন এবং মাজেদ ৬৪৪ জনের চাল গুদামে জমা রাখেন। পিন্টু কিছু চাল বিক্রি করলেও অধিকাংশ চাল দোকানে মজুদ ছিল।
স্থানীয়রা জানায়, এর আগে দুইবার কমপক্ষে ৪০ বস্তা চাল একটি শিল্প কারখানায় বিক্রি করা হয়েছিল। এবার অভিযান পরিচালনা করে দোকান থেকে ২,১৯২ কেজি এবং ৭২০ কেজি চাল উদ্ধার করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ