প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:০০ পিএম

পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ
পিরোজপুরের নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ৩৪০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে চার ঘণ্টা অবস্থান করছেন। দুর্ঘটনা এড়াতে উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলা বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নামানোর চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেনা ক্যাম্প সংলগ্ন সন্ধ্যা নদীর পশ্চিম ও পূর্বপাড়ে দুটি উঁচু টাওয়ার রয়েছে, যা দিয়ে উপজেলার বিদ্যুতের মূল সঞ্চালন লাইন যায়।
সকালে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তি টাওয়ারের নিচে আসে এবং অগোচরে একটি টাওয়ারে উঠে যান। উপস্থিত লোকজন তাঁকে নামানোর চেষ্টা করলে তিনি ক্রমেই চূড়ায় উঠে যান। নেছারাবাদ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. রিয়াজ বলেন, মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাঁকে সরাসরি নামানো সম্ভব নয়। আধুনিক সরঞ্জাম থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জানে আলম জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যেহেতু টাওয়ারের মাধ্যমে মেইন লাইন সংযুক্ত, তাই পুরো উপজেলার বিদ্যুৎ বন্ধ রয়েছে।