প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৮:১৪ PM

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন, দেশে স্বৈরাচারী ব্যবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই।
তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা’ শীর্ষক সংলাপে এই মন্তব্য করেন।
বদিউল আলম বলেন, স্বৈরশাসকরা কীভাবে মাশুল দিয়েছে তা আমরা দেখেছি। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদের সুপারিশগুলো ভবিষ্যতে পুরোপুরি বাস্তবায়ন হবে। বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের জন্য এগুলো কার্যকর করা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠন বিলুপ্ত করতে হবে। দলগুলোকে নিবন্ধনের নিয়মাবলী মেনে চলার পাশাপাশি দায়িত্বশীলতা দেখাতে হবে। জুলাই সনদ প্রণয়নের সার্থকতা নির্ভর করবে তার বাস্তবায়নের ওপর।
উক্ত সংলাপে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক অস্থিরতা শুধু জুলাই সনদকে কেন্দ্র করে নয়। সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে বারবার আলোচনার পরও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। দলগুলোর আন্তরিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সফল হবে না।
সুজনের জাতীয় কমিটির সদস্য মো. একরাম হোসেন জানান, নাগরিকদের প্রায় ৯০ শতাংশ মনে করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)কে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিলে এটি রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকবে এবং কার্যক্রম আরও স্বতন্ত্র ও কার্যকর হবে।
বিশেষজ্ঞরা সংলাপে উল্লেখ করেন, সাংবিধানিক স্বীকৃতি দিলে দুদক শুধু অনুসন্ধান সীমাবদ্ধ থাকবে না, বরং একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে। তবে, শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া জরুরি। এতে কমিশনের নীতি, বাজেট ও পরিচালনায় সরকারি হস্তক্ষেপ কমানো সম্ভব হবে এবং দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ