প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:২৪ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৬:২৯ PM

সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান জানিয়েছেন, ডিজিটাল সিস্টেম না থাকা পর্যন্ত ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে। প্রয়োজনে এ পরিস্থিতি দীর্ঘমেয়াদি হতে পারে।
তিনি বলেন, অডিট রিপোর্টের মান নিয়ে বড় প্রশ্ন আছে এবং ম্যানুয়াল সিলেকশনের কারণে একই ব্যক্তি প্রতি বছর বারবার অডিটের আওতায় পড়েন। তাই ঝুঁকি ভিত্তিক অডিট কার্যক্রম চালানো হবে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘করপোরেট কর এবং ভ্যাটে সংস্কার: এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ডায়ালগে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান ন্যূনতম করকে কালাকানুন হিসেবে উল্লেখ করে বলেন, কর আদায় মূলত মুনাফার ওপর হওয়া উচিত। ন্যূনতম কর ঠিক করার ফলে কর আদায় কমে যেতে পারে।
তিনি আরো বলেন, দেশের ঋণ ও কর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের কর জিডিপি অনুপাত ১২.২%, যেখানে বাংলাদেশের গত বছর ৭.৪% এবং এ বছর ৬.৬% হয়েছে।
এনবিআর চেয়ারম্যান কর জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, করছাড়ের সংস্কৃতি ও দীর্ঘ সময়ের কর অব্যাহতি দেশের কর আদায়ের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি যোগ করেন, স্বচ্ছ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করতে এনবিআর কার্যক্রমে সংস্কার চালাচ্ছে।