প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:১৯ পিএম

পিরোজপুরে জনবল সংকটে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি পরিবার পরিকল্পনা কেন্দ্রে জনবল ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিমাসে হাজারো নারী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে সরবরাহ বন্ধ থাকায় কার্যত চিকিৎসাসেবা প্রায় অচল হয়ে পড়েছে। পাশাপাশি চিকিৎসক ও কর্মী সংকটও সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। স্থানীয়দের অভিযোগ, মেডিকেল অফিসাররা নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না।
মঠবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ১৮০টি পদের বিপরীতে ৮৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১ জন থাকলেও, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৯ জনের বিপরীতে ৭ জন, ফার্মাসিস্ট ৬ জনের বিপরীতে ৫ জন, মেডিকেল টেকনোলজিস্ট ৪ জনের বিপরীতে ২ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ১৩ জনের বিপরীতে ১০ জন, পরিবার কল্যাণ সহকারী ৬০ জনের বিপরীতে মাত্র ১০ জন কর্মরত আছেন। এছাড়া নিরাপত্তা প্রহরী ৯ জনের বিপরীতে ৬ জন ও আয়া ১২ জনের বিপরীতে ৮ জন কর্মরত আছেন।
জানা যায়, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা তৈরি ও উপকরণ বিতরণের জন্য প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং তিনজন পরিবার কল্যাণ সহকারী থাকার কথা। এসব কর্মীদের সপ্তাহে চার দিন বাড়ি বাড়ি গিয়ে দম্পতিদের সঙ্গে আলোচনা ও উপকরণ বিতরণের নিয়ম রয়েছে। তবে উপকরণ না থাকায় অনেক কর্মী নিয়মিত মাঠপর্যায়ে যাচ্ছেন না। আবার যারা যাচ্ছেন তারাও বিকল্প ব্যবস্থা গ্রহণ অথবা বাজার থেকে নিজ দায়িত্বে উপকরণ কেনার পরামর্শ দিচ্ছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া আক্তার রূপা বলেন, “আমাদের এখানে তীব্র জনবল সংকট রয়েছে। পাশাপাশি ছয় মাস ধরে কোনো ওষুধ পাইনি।”
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ বলেন, “ছয় মাস ধরে ওষুধ সংকট চলছে। কিছুটা জনবল ঘাটতিও রয়েছে। তবে এ সংকট শুধু পিরোজপুরেই নয়, দেশের প্রায় সব জেলাতেই একই অবস্থা।”