প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:৩৬ AM

মীরসরাইয়ে অবৈধ বাউন্ডারি ওয়াল উচ্ছেদ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে সওজের এসএই সাজ্জাদ হোসেন ও তার টিম, মীরসরাই থানা পুলিশ এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন। এ সময় অবৈধভাবে নির্মিত প্রাচীর ভেঙে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “সরকারি জমি দখল করে কেউ কোনো স্থাপনা করতে পারবে না। সড়ক ও জনপথের জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সওজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “মহাসড়ক এলাকায় দখলদারিত্ব সড়কের নিরাপত্তা ও চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই এসব স্থাপনা উচ্ছেদে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”
অভিযান শেষে স্থানীয়দের সতর্ক করা হয় যাতে কেউ সওজের জমি দখল না করে। পাশাপাশি মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।