প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম

গত ১৫ দিনে চেয়ারম্যান পরিবহনের অন্তত ৭টি দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন
পটুয়াখালীর বাউফলে ঢাকা-বাউফল-দশমিনা রুটে চলাচলকারী চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বাউফল–ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাউফল সরকারি কলেজ, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, বগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাওসার হোসেন, বাউফল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিসান, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সিথিলা, কারিগরি শাখার শিক্ষার্থী মো. রাব্বি ও আবেদুল ইসলাম আবিদ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, “গত ১৫ দিনে চেয়ারম্যান পরিবহনের অন্তত ৭টি দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান পরিবহন বন্ধ করা জরুরি।” একই সঙ্গে সকল পরিবহন চালকের দক্ষতা নিশ্চিতকরণ ও যানবাহনের ফিটনেস পরীক্ষা করে চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।