প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৮:৩০ PM

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছোট দূর্গাপুর মিয়াজী বাড়ির প্রবাসী সবুজ মিয়া (৩৬) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে দুবাইয়ের আজমান কেরামা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সবুজের পরিবার জানায়, প্রায় এক বছর ১০ মাস আগে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করা টাকায় প্রবাসে পাড়ি জমান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সবুজ। যে বাসায় তিনি থাকতেন, সেখানে ওমানের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ভাড়া চাইতে গিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হলে ওই ব্যক্তি ভারী বস্তু দিয়ে সবুজের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবরটি প্রথমে পরিবারের কাছে পৌঁছান প্রবাসী স্বজন রুবেল। পরে নিহতের খালাতো ভাই আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে সবুজের মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওমানি নাগরিককে সিসিটিভি ফুটেজের সহায়তায় আটক করেছে স্থানীয় পুলিশ।
প্রবাসী সবুজের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই। এখন আমি আর আমার নাতিরা কীভাবে বাঁচব?”
স্ত্রী রীমা আহাজারি করে বলেন, “আমার স্বামীকে ফিরিয়ে দাও। ১০ বছরের ছেলে বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেল।” দুই বোনও ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন।
এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।”
নিহত সবুজের শোকাহত পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ