প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:৪৪ পিএম

বাঁশখালীতে সেনা অভিযানে আটক ২ মাদক কারবারি
চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার দক্ষিণ সীমান্ত এলাকা টইটং এ চেকপোস্ট স্থাপন করে বাঁশখালীর দায়িত্বরত মেজর স-আদাতের (২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন, খানখানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডোংরা এলাকার মৃত রবি আলমের ছেলে মো. তারেক (৪৫) ও একই ইউনিয়নের রায়ছড়া গ্রামের মৃত পেচু মিয়ার ছেলে মো. ইউনুস আলী (৩০)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাঁশখালীর সীমান্ত এলাকা টইটং এলাকায় চেকপোস্ট স্থাপন করে দুই মাদক কারবারি আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই মাদক কারবারিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।