প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:৫১ পিএম

আবু সাঈদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। হল সংসদে সদস্য পদে নির্বাচিত হলে হল থেকে গাঁজা সেবনকারীদের উচৃছেদ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আবু সাঈদ।
সম্প্রতি আবু সাঈদ এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। তিনি সূর্যসেন হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এবং তিনি ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
এ বিষয়ে আবু সাঈদ বলেন, “বিশ্ববিদ্যালয় বা হলের নিয়ম অনুযায়ী নেশাজাতীয় দ্রব্য রাখা বা সেবন করা নিষিদ্ধ। হল একটি শিক্ষার পরিবেশ, এখানে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। কেউ নিয়ম ভাঙলে প্রশাসনের সহযোগিতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “গাঁজা সেবনের কারণে আশেপাশে থাকা শিক্ষার্থীরা বিরক্ত হতে পারে। অনেক সময় এরা আড্ডা, উচ্চশব্দ, ঝগড়া বা খারাপ কর্মকাণ্ডে জড়াতে পারে, যা অন্যদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। এতে নতুন শিক্ষার্থীরা প্রভাবিত হয়ে নেশার দিকে ঝুঁকতে পারে।”
তিনি আরো বলেন, “গাঁজা খাওয়ার কারণে ব্যক্তিগত ক্ষতিও হয়। যেমন: নিয়মিত গাঁজা সেবনে পড়াশোনার ক্ষতি হয়, মনোযোগ কমে যায়, শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়। দীর্ঘমেয়াদে এটি নেশার আসক্তি বাড়িয়ে জীবন নষ্ট করতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ সম্পদ। যদি তারা নেশার মধ্যে ডুবে যায়, তবে পরিবার, সমাজ ও রাষ্ট্র-সবাই ক্ষতিগ্রস্ত হয়।”
আবু সাঈদ আরো বলেন, “গাঁজাখোরকে হল থেকে বের করা আসলে শাস্তি নয়, বরং শৃঙ্খলা রক্ষা ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করার উপায়। তবে তাকে শুধু বের করে দিলেই সমাধান নয়; তার জন্য কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসার সুযোগ দেওয়া হবে। তবে ভালো ফল পাওয়া যেতে পারে।