প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৪৭ AM

এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স বিশ্লেষণে নতুন চমক নিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় অক্ষয় হিরেমাথকে।
২১ আগস্ট সিলেটে জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অক্ষয়।
তবে অক্ষয় হিরেমাথ বাংলাদেশের ক্রিকেটে একেবারে নতুন মুখ নন। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে খণ্ডকালীন ভিত্তিতে টাইগারদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এবার তাকে দেওয়া হয়েছে পূর্ণকালীন দায়িত্ব।
অক্ষয়ের অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাজস্থান রয়্যালসের অ্যানালিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
বিসিবি মনে করছে, তার উপস্থিতি পারফরম্যান্স বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করবে। এর আগে দীর্ঘ ছয় বছর জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন আরেক ভারতীয় শ্রীনিবাসন চন্দ্রশেখর, যিনি ২০২৩ সালে দায়িত্ব ছাড়েন।
এদিকে বাংলাদেশের সামনে রয়েছে ব্যস্ত সূচি। ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগাররা। এরপর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে, অংশ নেবে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপে।
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং।
স্বদেশ প্রতিদিন/এমএম