প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদের মাধ্যমে।
আজ শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চার বছর মেয়াদি অনার্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কমিটি জানিয়েছে, ব্যবসায় শিক্ষা অনুষদে ১ হাজার ৮৮৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৭ হাজার ৫০৫ শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিটের জন্য ১৬ হাজার ৮১৩ পরীক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস জানান, পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ থানার সঙ্গে সমন্বয় করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রথমবারের মতো আয়োজিত ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে।
ইউজিসি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, “ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণা করা হবে এবং এটি একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।”
পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। বাংলা ও ইংরেজি বিষয় থেকে ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া মেধা তালিকা প্রণয়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর যুক্ত হবে।
উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল ২ থেকে ৩ দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হচ্ছে।