
বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক উন্নীতকরণের দাবিতে মানববন্ধন
বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি নিয়ে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, “আমাদের জন্য আমরা”, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
বক্তারা জানান, বাকেরগঞ্জ-বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও এর প্রস্থ মাত্র ১৮ ফুট। এছাড়া ৫৬ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে ৪৫টি বাঁক রয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাস ও অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করছে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চলাচল করতে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সড়কটি চার লেনে উন্নীতকরণ ও বাঁক অপসারণের দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. হারুন অর রশিদ রিংকু।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, জেলা যুবদলের সেক্রেটারি জাবেদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদ হাসান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপু, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ ও সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন।