প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির কেদাহ রাজ্যের এক্সকো সদস্যের দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফেডারেল সরকার কোনোভাবেই ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজের অনুমতি দেয়নি।
এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, “কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহকে এমন দাবি করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।”
তিনি আরো বলেন, “সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময় এ ধরনের কোনো সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়নি। ড. জাম্ব্রি বলেন, একজন একাডেমিক হিসেবে হাইমের উচিত ছিল কেবল প্রমাণভিত্তিক ও সঠিক তথ্য উপস্থাপন করা, অনুমান বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া নয়।”
উচ্চশিক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, তথ্য সঠিক ও সত্য হওয়া একাডেমিক নীতির মূল। তিনি সতর্ক করেছেন, সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ভাইরাল করার এই প্রবণতা এখনই বন্ধ করতে হবে।